পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার ঘটনায় প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। গতকাল বুধবার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় নির্মাণাধীন গোল্ডেন ইস্পাত লিমিটেড কারখানা পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ সিদ্ধান্তের কথা প্রথম আলোকে জানান।
‘সীতাকুণ্ডে পাহাড় কাটছে সাংসদের প্রতিষ্ঠান’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর ওই এলাকা পরিদর্শন করে। ইস্পাত কারখানাটি সাংসদ দিদারুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান তাহের অ্যান্ড ব্রাদার্সের মালিকানাধীন। সাংসদ তাহের অ্যান্ড ব্রাদার্সের পরিচালক। তাঁর চাচা সাবেক সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম ব্যবস্থাপনা পরিচালক।
কারখানা পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক মো. মকবুল হোসেন বলেন, ‘আমি নিজে ওই এলাকায় গিয়ে দেখেছি, তারা আমাদের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। কারখানা নির্মাণ করতে গিয়ে পাহাড় কেটেছে। এখনো নির্মাণকাজ চলছে। আমরা তাদের নোটিশ দিয়ে শুনানির জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছি। নোটিশটি প্রক্রিয়াধীন রয়েছে।’