>শেরপুরের আরাফাত ইসলাম, খুলনার রাকিব, নীলফামারীর সবুজ, বরগুনার রবিউল...নিষ্ঠুরতার শিকার হয়েছে তারা সবাই। চিকিৎসকদের প্রচেষ্টায় মাগুরার সুরাইয়া এখনো পৃথিবীতে। অন্যদের বিদায় নিতে হয়েছে চিরতরে। শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতায় উদ্বিগ্ন সবাই
শেরপুরে অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতের (৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরুঙ্গা পাহাড়ের চূড়া থেকে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে।

পুলিশ গতকাল সকালে এ ঘটনার প্রধান আসামি মো. আসলামকে (২২) শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর গ্রাম থেকে গ্রেপ্তার করে। আসলামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামে। অপহরণের দিন বিকেলেই আরাফাতকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মো. আবদুল লতিফ এবং একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিন এবং নালিতাবাড়ীর নন্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান। লতিফ নিহত আরাফাতের খালু।
আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। শহিদুল কাঠের আসবাব ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।
২ আগস্ট রোববার দুপুরে আরাফাত স্কুল থেকে গৃদানারায়ণপুর এলাকার বাসায় ফেরে। এরপর দুপুরের খাবার খেয়ে সে তার বাবা শহিদুলের সঙ্গে দেখা করার কথা বলে বেলা তিনটার দিকে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পথে দুর্বৃত্তরা শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার এবং বেড়ানোর কথা বলে তাকে অপহরণ করে। কিছুক্ষণ পরই মুঠোফোনে এক যুবক আরাফাতের বাবা শহিদুলকে জানান, তাঁর (শহিদুল) ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি শহিদুল পুলিশকে জানান।

পুলিশ জানায়, গতকাল সকালে আরাফাতের খালু আবদুল লতিফের বন্ধু মো. আসলামকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে পুলিশ গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে। এ সময় আরাফাতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া গতকাল বিকেলে বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসলাম আরাফাতকে হত্যার কথা স্বীকার করেছেন। বন্ধু আবদুল লতিফের সহযোগিতায় মুক্তিপণের জন্য ২ আগস্ট রোববার বিকেলে তিনি ও রবিন আরাফাতকে অপহরণ করেন। পরে তাকে (আরাফাত) প্রথমে নালিতাবাড়ীর নন্নী এলাকায় এক ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে ওই দিন গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরাফাতকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে লাশ পাহাড়ে ফেলে রেখে তিনি (আসলাম) পালিয়ে যান। মুক্তিপণের টাকা না পেয়ে লতিফের পরামর্শ অনুযায়ী তিনি (আসলাম) একাই আরাফাতকে হত্যা করেন বলে স্বীকার করেন।
শোক, আহাজারি: আরাফাতের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কয়েক শ মানুষ সদর থানার সামনে ভিড় করেন। গতকাল বেলা তিনটায় শহরের শিববাড়ী এলাকায় আরাফাতের দাদার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা রিনা বেগম পুত্রশোকে আহাজারি করছেন। এ সময় তিনি বলেন, ‘আমার বাবারে ওরা বাঁচতে দিল না। ওরা কী কষ্ট দিয়া আমার বাবারে মাইরা ফালাইছে। আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’