পাহাড়ি ছড়া ও ঝরনা থেকে বালু উত্তোলন
কক্সবাজারের পেকুয়া উপজেলার পাহাড়ি ছড়া ও ঝরনা থেকে বালু উত্তোলন চলছে। এতে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ ছাড়া ট্রাকসহ বিভিন্ন বাহন দ্বারা বালু বহন করতে গিয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন সড়ক।
সরেজমিনে দেখা যায়, উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী ছড়া থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। উত্তোলনের পর তা পাহাড়ের খোলা জায়গায় মজুত করা হচ্ছে। সেখান থেকে ট্রলি ও পিকআপ নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একইভাবে ওই ইউনিয়নের সোনাইছড়ি ছড়া, বনকানন ছড়া, বটতলী ছড়া, মধুখালী ছড়া, বারবাকিয়া ইউনিয়নের জাদুখালী ছড়া, শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ছড়া ও ঝরনা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়ার দুই পাশে ভাঙন দেখা দিয়েছে। উপড়ে পড়ছে বিভিন্ন প্রজাতির গাছ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নথিতে তিনটি বালুমহালের অস্তিত্ব রয়েছে। এ ছাড়া আরও সাত-আটটি ছোট বালুমহাল রয়েছে। এসব মহালের একটিও গত বছর ইজারা দেওয়া হয়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, ইজারা না দেওয়ার সুযোগে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতা মিলে বালুমহালগুলো লুটেপুটে খাচ্ছে। প্রতিদিন ২০-২৫টি ট্রাক ঢুকিয়ে বালু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সাবেক নেতা মো. জুবাইদুল্লাহ, মো. শফিকুর রহমান ওরফে শফিক বৈদ্য, বিএনপি নেতা বদিউল আলম, হারুনর রশিদ, মো. ইলিয়াছ, যুবলীগ নেতা আবদুল জলিল, মো. জাহাঙ্গীর আলম ওরফে বনের রাজা জাহাঙ্গীর, মইদু, সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকটি চক্র এসব বালুমহাল লুটেপুটে খাচ্ছে।
তবে মো. জুবাইদুল্লাহ নিজে বালু উত্তোলনের কথা অস্বীকার করেছেন। একইভাবে অন্যরাও বালু উত্তোলনের সঙ্গে তাঁদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন।
জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, টৈটংয়ের বটতলী এলাকায় অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে একটি বালুভর্তি ট্রাক আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি মেশিনও জব্দ করা হয়েছে।
মারুফুর রশিদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে কারা জড়িত, তা অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পরিবেশবিধ্বংসী কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।