পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি বাধায় চট্টগ্রামে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার সকাল থেকে নগরের জে এম সেন হলে দুই দিনব্যাপী ওই অনুষ্ঠানমালা হওয়ার কথা ছিল। সকাল থেকে পুলিশ জে এম সেন হলে অবস্থান নিয়ে আয়োজকদের সেখান থেকে বের করে দেয়।
এর প্রতিবাদে বিকেলে পিসিপি সংবাদ সম্মেলন করতে চট্টগ্রাম প্রেসক্লাবে এলে সেখানেও পুলিশ হানা দেয়। সংবাদ সম্মেলন শেষে পিসিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় তাঁদের আটক করার কারণ জানতে চান পিসিপি ও বাম ছাত্র সংগঠনের নেতারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে আটক না করেই ফিরে যায় পুলিশ। এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
আটক করতে চাওয়ার কারণ জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, ‘এমনিতে আমরা কথা বলছিলাম। কী কারণে তাঁরা এখানে সংবাদ সম্মেলন করছিলেন, তা জানতে এসেছিলাম। এর বেশি কিছু না। এ সময় একটু বাগ্বিতণ্ডা হয়েছে।’
পিসিপিকে অনুষ্ঠান করতে না দেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে অনুষ্ঠান করছিল। তাই তাঁদের বাধা দেওয়া হয়। অনুমতিও ছিল না। পিসিপি রাষ্ট্রবিরোধী সংগঠন নয়, তারপরও বাধা কেন—জানতে চাইলে ওসি বলেন, ‘এটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন আপনারা।’
এর আগে বেলা তিনটার দিকে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, পিসিপির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার জে এম সেন হলে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। এ জন্য ৬ মে পুলিশের কাছে নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়ে আবেদনও করে পিসিপি। পুলিশ ওই আবেদনপত্র গ্রহণ করে। তখন তাদের অনুষ্ঠান করা যাবে না এ রকম কিছু বলা হয়নি।
সংবাদ সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় সভাপতি থুইচাচিং মারমা বলেন, আজ (বুধবার) সকালে পুলিশ এসে জে এম সেন হল এলাকা ঘিরে ফেলে। পরে আমাদের সেখান থেকে বের করে দেয়। অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এটা সরকারের ফ্যাসিবাদী আচরণ। বাক্স্বাধীনতা হরণ ছাড়া আর কিছু নয়।
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি কমিটির আহ্বায়ক রিটন চাকমা, পিসিপির সহসভাপতি সিমন চাকমা, সাংগঠনিক সম্পাদক জুপিটার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন চট্টগ্রামের সভাপতি ফরহাদ জামান, সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়া, ফেডারেশনের সাবেক সভাপতি সমিউল আলম প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফরহাদ, মিন্টুসহ আরও কয়েকজনকে পিকআপে তোলার চেষ্টা করে। বাগ্বিতণ্ডার পর পুলিশ তাঁদের ছেড়ে দেয়।