রাঙামাটির বিলাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম সেপ্রুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে টহল দলের সঙ্গে থাকা গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) এক সদস্য নিহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন দুজন। তাঁদের মধ্যে সেনাবাহিনীর এক সদস্য এবং আনসারের আরেক সদস্য আহত হয়েছেন।
গণমাধ্যমে পাঠানো আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুর ১২টায় রুমা সেনা জোনের আওতাধীন সেপ্রুপাড়া এলাকার গহিন জঙ্গলে টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের হতাহতের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান মুঠোফোনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বড়থলি ইউনিয়নের সেপ্রুপাড়া এলাকাটি রাঙামাটি জেলার আওতাধীন হলেও সেখানকার নিরাপত্তা নিশ্চিত করে বান্দরবানের রুমা সেনা জোন। ভারত সীমান্তবর্তী দুর্গম ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। কিছুদিন আগে দুই পর্যটকসহ চারজনকে অপহরণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে গতকাল দুপুরে সেপ্রুপাড়ায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় ভিডিপি সদস্য নেনসং ম্রো (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাসদস্য আবুল কাশেম ও আনসার সদস্য মোহাম্মদ আবদুল হান্নান।