পাহাড়ের মাটি কেটে ভরাটকাজ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পুকুর ও বাড়ির আঙিনার নিচু জায়গা ভরাট করা হচ্ছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ কাজ করছেন বলে ভয়ে কেউ প্রতিবাদ করছে না।
হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার কালাইন্যার এলাকায় অবৈধভাবে প্রতিদিন পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটার মাটি ট্রাক্টরে করে নিয়ে পার্শ্ববর্তী এলাকার দুটি পুকুর ও তিনটি বাড়ির আঙিনার পাশাপাশি বিভিন্ন স্থান ভরাট করা হচ্ছে।
এ ব্যাপারে পুকুর, বাড়ির আঙিনার মালিক ও ট্রাক্টর ড্রাইভার সবাই জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে পাহাড় কাটা হচ্ছে এবং এ মাটি পুকুর ও বাড়ির আঙিনার নিচু জমিতে ঢালা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তিনজন শ্রমিক খুন্তি দিয়ে পাহাড়ের মাটি কাটছেন। বর্তমানে এক-তৃতীয়াংশ মাটি কেটে সাবাড় করা হয়েছে। এ খাদের পাশে বসবাস করছে কয়েকটি পরিবার।
মাটি পরিবহনে নিয়োজিত ট্রাক্টরের চালক নুর মোহাম্মদ (৩০) ও ছৈয়দ হোসেন (২৮) বলেন, তাঁরা ইউপি সদস্য আলী আহমদের পালিত ছেলে মো. ইলিয়াছের কাজ করছেন। পাহাড়ের কাটা মাটি দিয়ে নাটমোরাপাড়া, রঙ্গিখালী, ফুলেরডেইল, দরগা, পানখালী, দক্ষিণ সিকদারপাড়া এলাকার পুকুর ও বাড়ির আঙিনার নিচু জায়গা ভরাট করা হচ্ছে। ওই সব এলাকায় যাঁদের পুকুর ও বাড়ির আঙিনার মাটি ভরাট করা হচ্ছে তাঁরা হচ্ছেন আবদুর রহমান, খলিলুর রহমান, আলী আহমদ, নছরত আলী ও জামাল হোসেন।
তাঁরা জানান, পুকুর ও বাড়ির খোলা নিচু জায়গায় বর্ষা মৌসুমে পানি জমে থাকার কারণে ভরাট করা হচ্ছে। ভরাটের মাটি কোথা থেকে আনা হচ্ছে? প্রশ্ন করা হলে তাঁরা বলেন, ‘বিষয়টি ইউপি সদস্য আলী আহমদের পালিত ছেলে মো. ইলিয়াছ জানেন। আমরা টাকা দিয়ে মাটি কিনেছি। উনি বিক্রি না করলে আমাদের কেনার কোনো সাধ্য ছিল না।’
হ্নীলার ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘চেয়ারম্যান বর্তমানে অসুস্থ। চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। আমি পাহাড় কাটার কোনো নির্দেশনা বা অনুমতি দিইনি। শুনেছি, চেয়ারম্যান বিদেশে যাওয়ার আগে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।’
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাহাড় কাটা ও পুকুর ভরাট দুটোই অবৈধ। লোকবল কম থাকায় অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তার পরও কিছুদিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।