রাজধানীর গোড়ান বাজারের একটি দোকান থেকে ২০ লাখ টাকা ছিনতাই করতে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকায় পাহারা বসায় ছিনতাইকারীরা। এ চক্রের ১৫ জন সদস্য রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে নজরদারি করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চার ছিনতাইকারী গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। এদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, সংঘবদ্ধ হয়ে এত বড় কোনো চক্রের ছিনতাইয়ের ঘটনা আগে কখনো ঘটেনি। ছিনতাইকারীদের পুরো প্রস্তুতি শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন তাঁরা।
৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানে এক ভোগ্যপণ্যের দোকানের কর্মচারী আবদুস সালামকে (২৮) গুলি করে প্রায় ২০ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। সালাম এসব টাকা জমা রাখার জন্য ব্যাগে নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর রিকশার গতিরোধ করে। তখন অন্য পাশ থেকে আরও চারজন এসে তাঁকে ঘিরে ফেলে। তারা সালামকে গুলি করে টাকা নিয়ে যায়। খিলগাঁও থানার পুলিশ এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে। পরে ঢাকা মহানগর পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব পায়।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার ছানোয়ার হোসেন এ মামলার চার আসামি সোহেল রানা, মোস্তাক শেখ, রাসেল রানা ও আরজু শেখকে গ্রেপ্তার করে। সোহেল রানা ও মোস্তাক শেখ ১৮ ডিসেম্বর মহানগর হাকিম মোল্যা সাইফুল আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ছিনতাইকারীর তিনটি দলে ভাগ হয়ে কাজটি করে। এদের একটি দলের নাম ছিল ‘সিগন্যাল টিম’, যাদের কাজ রাস্তায় পুলিশ বা সন্দেহজনক কোনো কিছু আছে কি না, সেদিকে নজর রাখা। রাসেল ও অপু এ দলের নেতা। আরেকটি দলের নাম ‘হোন্ডা টিম’। মোটরসাইকেল আরোহী এই দলটি ছিনতাইকারীদের নিরাপদে আনা-নেওয়ার কাজ করেছে। আরজু ও রাজিব এ দলের প্রধান। তবে ছিনতাইয়ের মূল কাজটি করেছে ‘হিট টিম’ নামের নয় সদস্যের দলটি। ইমু ও কালা জাকির এ দলের নেতৃত্বে ছিল।
ছিনতাইকারী সোহেল পুলিশকে জানিয়েছে, দলের সিদ্ধান্ত ছিল, যারা সরাসরি ছিনতাইয়ে অংশ নেবে তারা যা পাবে, অন্যরা পাবে তার অর্ধেক। সেই হিসেবে হিট টিমের সদস্যরা এক লাখ করে এবং অন্য দলের সদস্যরা ৫০ হাজার টাকা করে ভাগ পেয়েছে। ছিনতাইয়ের পরপরই পুরান ঢাকার বলধা গার্ডেনের কাছে একটি নির্জন স্থানে তারা এ টাকা ভাগাভাগি করেছে।
উপকমিশনার বলেন, আইন অনুসারে পাঁচজনের বেশি ছিনতাইয়ে জড়িত থাকলে সেটা ডাকাতি বলে ধরে নেওয়া হবে। সেই হিসেবে এ ঘটনায় ছিনতাইয়ের মামলাটি ডাকাতি মামলা হয়ে যাবে। উপকমিশনার আরও বলেন, চার আসামি ধরা পড়লেও সব টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।