পাহাড় থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাহাড় থেকে শারমিন আক্তার (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শারমিনের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কাশিপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শারমিন আক্তার স্বামী পরিত্যক্তা। তিনি মেয়ে ইয়াছমিন আক্তার (১৭) ও ছেলে মো. রিয়াদকে (১২) নিয়ে কুমিরা রেলস্টেশন এলাকায় পাহাড়ের ধারে একটি বাড়িতে থাকতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত শারমিন পাহাড়ে মানুষের বাগান পরিষ্কারসহ জুমচাষের কাজ করতেন। কাজ শেষে আসার পথে লাকড়ি সংগ্রহ করতেন। গতকাল বুধবার জমানো লাকড়ি আনতে গিয়ে তিনি আর ফেরেননি। রাতে অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে লাশ পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি লাশটি উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, ওই নারীর বুকে পাঁচটি, পিঠে একটি ও তলপেটের নিচে একটি ছুরিকাঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই নারীকে খুন করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।