এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার জের ধরে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে কক্সবাজারের পেকুয়ার পাহাড়িয়াখালী গ্রামে। বেশির ভাগ পুরুষ বাড়িতে থাকছেন না। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের গ্রামটিতে মামলার আসামিদের ধরতে প্রায় প্রতি রাতেই পুলিশ অভিযানে যাচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, ৩ সেপ্টেম্বর দুপুরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের মাঠে ফুটবল খেলায় বারইয়াকাটা ও পাহাড়িয়াখালী গ্রামের যুবকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় বারবাকিয়া বাজারে যাওয়ার পথে বারইয়াকাটার বাসিন্দা আলী আজগরকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় আজগরের বড় ভাই আলী আহমদ বাদী হয়ে মামলা করেন। মামলার আসামিরা সবাই পাহাড়িয়াখালীর বাসিন্দা।
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, পাহাড়িয়াখালী গ্রামের বেশির ভাগ বাড়িতে পুরুষ নেই। তবে নারী, শিশু ও ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ লোকজন আছেন। গ্রামে তিনটি দোকান রয়েছে, তাও বন্ধ।
জানতে চাইলে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (পাহাড়িয়াখালী-কাদিমাকাটা) এনামুল হক প্রথম আলোকে বলেন, গ্রামের মানুষের ভয় ‘অজ্ঞাত আসামি’। এই ভয়ে পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন।
পুলিশ জানায়, আলী আজগর হত্যা মামলায় এজাহারের দুজন ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পেকুয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার সরকার বলেন, তদন্তে যাঁদের নাম উঠে আসছে, শুধু তাঁদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। যাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন, তাঁরা নির্ভয়ে বাড়িতে থাকতে পারবেন।