পাহাড়ে অস্ত্র কারখানা গুঁড়িয়ে দিল র্যাব
কক্সবাজারের উখিয়া উপজেলার গহিন অরণ্যে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অস্ত্র তৈরির একটি ভ্রাম্যমাণ কারখানাও গুঁড়িয়ে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কাশেম (৭০)। তিনি অস্ত্র তৈরির কারিগর বলে জানিয়েছে র্যাব। কাশেম উখিয়ার চুয়ানখালী গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার সরাফত ইসলাম প্রথম আলোকে জানান, উখিয়ার চুয়ানখালীর পাহাড়ে গহিন অরণ্যে ভ্রাম্যমাণ একটি কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে—এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাহাড়ে অভিযান শুরু করে। বিকেল পাঁচটার দিকে চুয়ানখালী এলাকায় অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রথমে অস্ত্র তৈরির কারিগরেরা ফাঁকা গুলি ছোড়ে। এ সময় র্যাবও গুলি চালালে কারিগরেরা জঙ্গলে আত্মগোপন করেন। পরে জঙ্গলে ধাওয়া করে অস্ত্র তৈরির কারিগর আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এরপর অস্ত্র তৈরির কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, সন্ধ্যা পর্যন্ত চলা ওই অভিযানে কারখানায় তৈরি ছয়টি কাটা বন্দুক, একটি একনলা বন্দুক, তিনটি পিস্তল, চারটি তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। রাত নয়টায় অস্ত্রসহ কাশেমকে উখিয়া থেকে র্যাবের কক্সবাজার কার্যালয়ে আনা হয়।
র্যাব জানায়, একসময় মহেশখালীর বিভিন্ন দুর্গম পাহাড়ে একাধিক কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি হতো। এরপর সেই অস্ত্র বিক্রি হতো সাগরের জলদস্যু, পাহাড়ের বনদস্যুসহ সন্ত্রাসীদের কাছে। র্যাব ও পুলিশ মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে একাধিক কারখানা গুঁড়িয়ে দিলে কারিগরেরা উখিয়ার পাহাড়ে কারখানা সরিয়ে আনে। উখিয়ার পাহাড়ে অস্ত্র তৈরির আরও কারখানা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।