পাহাড়ে দখলবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতল বাড়ির ওপরের অংশে সেগুন কাঠের মাচান ঘর। নিচের অংশে মাটির দেয়াল। উঠানে আম-কাঁঠাল গাছের ছায়াঘেরা মনোরম পরিবেশ। দেখলে মনে হবে, বাড়িগুলো অবস্থাপন্ন পরিবারের। কিন্তু সেখানে জনমানুষের কোনো চিহ্ন নেই।
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মংবিচর বাচিং মার্মাপাড়ায় গিয়ে এমন জনমানবশূন্য দৃশ্য দেখা গেছে। ভূমিদস্যুদের দখলদারি, দালাল ও সন্ত্রাসীদের উৎপাতে এ পাড়ার ২৯টি মার্মা পরিবার এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছে বলে জানিয়েছেন ত্রিশডেবা পাড়ায় ঝুপড়ি ঘরে আশ্রয় নেওয়া কার্বারি বাচিং মার্মা।
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের সাজানো-গোছানো সাপমারা ঝিরিপাড়াটিও জনমানবশূন্য। গত বছর ওই ইউনিয়নের বাদুরঝিরি চাকপাড়া উচ্ছেদের করুণ কাহিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ভূমি দখলদারদের নির্বিচার দখলবাজির কারণে বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার আদিবাসীরা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। ভূমিদস্যুদের অত্যাচারে চলতি বছর দুটি, ২০১৩ সালে একটি, ২০১২ সালে দুটি, ২০০৭ সালে একটি, ২০০৬ সালে দুটি, ২০০৫ সালে একটি ও ২০০৪ সালে একটি মোট ১০টি পাড়ার ১৭৯টি পরিবার উচ্ছেদ হয়েছে।
লামা ও নাইক্ষ্যংছড়ির হেডম্যান-কার্বারি ও আদিবাসী নেতারা বলেছেন, ভূমি দখল বন্ধ না হলে লামা উপজেলার গয়ালমারা, কেরানিঝিরি ত্রিপুরাপাড়া, চিনিঝিরি ম্রোপাড়া, সাপমারা ঝিরি ম্রোপাড়া, বনফুর পাইনছাপ্রু ত্রিপুরাপাড়া, মিরিঞ্জা পর্যটন এলাকার ত্রিপুরা পুনর্বাসনপাড়া ও নাইক্ষ্যংছড়িতে বেশ কয়েকটি পাড়া অচিরেই উচ্ছেদ হবে।
সরেজমিনে লামা উপজেলার বনফুর, গয়ালমারা, সাপেরঘেরা, ত্রিশডেবা, লামা-সুয়ালক-বান্দরবান সড়কের গজালিয়া, কমবনিয়া, ডলুছড়ি, লুলাইন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারির বাদুরঝিরি, সাপমারাঝিরি ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানি, বেসরকারি ব্যাংক ও ব্যক্তির নামে হাজার হাজার একর জমি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। আদিবাসী পাড়াগুলোর বসতি ও জুমের জমি দখল করে প্রাকৃতিক বনাঞ্চল কেটে রাবার, হর্টিকালচার, একাশিয়া গাছের বাগান করা হচ্ছে।
সাঙ্গু মৌজার মৌজা প্রধান (হেডম্যান) থংপ্রে ম্রোসহ পাড়া প্রধানেরা জানান, মুহাম্মদিয়া জামিয়া শরীফ নামে একটি প্রতিষ্ঠান (স্থানীয়ভাবে লাদেন গ্রুপ নামে পরিচিত) ভূমি দখল করছে। মংবিচর বাচিং পাড়ার বাসিন্দারা ওই প্রতিষ্ঠানের দখলবাজির শিকার। দালাল-সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা ওই এলাকার অধিকাংশ জমি লিখে নিয়েছে। পাড়া না ছাড়লে হত্যা ও লুটপাটের হুমকি দেওয়ায় বাসিন্দারা পাড়া ছেড়েছেন।
মুহাম্মদিয়া জামিয়া শরিফের পরিচালক আনিসুর রহমান ও সাঙ্গু মৌজার ভূমি তত্ত্বাবধানকারী মোফাজ্জল হোসেন ভূমি দখল ও পাড়া উচ্ছেদের অভিযোগ অস্বীকার করে বলেন, স্বেচ্ছায় জমি বিক্রি করতে ইচ্ছুক লোকজনের কাছ থেকে তাঁরা প্রায় ৬০০ একর জমি কিনেছেন। তাঁরা কাউকে পাড়া ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেননি। এমনকি তাঁদের কারণে কেউ উচ্ছেদও হননি।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, পাড়া উচ্ছেদের বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাংসদ বীর বাহাদুর বলেন, ভূমি দখলে বাধা দিলে কারও বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না নেওয়ার জন্যও প্রশাসন ও পুলিশকে বলে দেওয়া হয়েছে।