পাহাড়ে র্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ৩
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়ের গজনী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে। আজ রোববার বিকেলে র্যাব-১৪ এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বড়গজনী গ্রামের মতেন্দ্র সাংমার ছেলে বিপ্লব সাংমা (৩০), মধু মারাকের ছেলে পিতর সাংমা (২৫) ও গাবরিয়াল সাংমার ছেলে বেপিশ মারাক (২৩)।
র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্রে জানা গেছে, বিপ্লব সাংমা, পিতর সাংমা ও বেপিশ মারাক ঝিনাইগাতীর গারো পাহাড়সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল ইসলামের নেতৃত্বে আজ বেলা তিনটার দিকে গজনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি ৯ এমএম বিদেশি পিস্তল, ১৫টি পিস্তলের গুলি, চারটি ম্যাগাজিন, একটি বড় চাকু উদ্ধার করা হয়েছে। র্যাব হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১–এর মেজর জাহাঙ্গীর তিন যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে জড়িত কি না, সেটি নিশ্চিত নয়।
উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্তে গত এক দশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় এক লাখ গুলি ও অস্ত্রসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে র্যাব-৫–এর (রাজশাহী অঞ্চল) সদস্যরা চলতি বছরের ১ ফেব্রুয়ারি নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বুরুঙ্গা কালাপানি পাহাড়ের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় ৪১ হাজারের বেশি গুলি উদ্ধার করেন।