পাহাড়ের নিচে পড়ে ছিলেন তরুণীটি
শনিবার সকাল। চট্টগ্রাম নগরের ষোলশহরের বন গবেষণাগারের পাহাড়ের পাদদেশে পড়ে আছেন এক তরুণী (১৮)। কোনো নড়াচড়া নেই। পরনের কাপড়ে কাদার দাগ। একপর্যায়ে স্থানীয় দুই নারী এগিয়ে গিয়ে তাঁর চোখে-মুখে পানির ছিটা দেন। এরপর তরুণীটি নড়চড়ে উঠে আবার চলে যান ঘুমের ঘোরে। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ওই তরুণীর অভিযোগ, শুক্রবার রাতে পাঁচ যুবক তাঁকে মদ ও নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছেন।
ওসিসির চিকিৎসক মাফরুহা নিগার গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে বলেন, ‘মেয়েটি এখনো তন্দ্রাচ্ছন্ন। আমরা তাঁকে জোর করে জাগিয়ে কথা বলেছি। আমরা ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছি।’
তরুণীটির বরাত দিয়ে পুলিশ ও চিকিৎসকেরা বলেন, গত শুক্রবার রাত ১০টার দিকে পূর্বপরিচিত দুই ব্যক্তি তাঁকে ডেকে বন গবেষণাগারের পাহাড়ের পাশে নিয়ে যান। পরে তাঁকে মদ ও নেশাজাতীয় কিছু খাইয়ে পাঁচ যুবক ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে ফেলে যুবকেরা পালিয়ে যান। যুবকদের মধ্যে একজনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।
গতকাল সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বন গবেষণাগারের পাহাড়ের পাদদেশে ওই তরুণী পড়ে আছেন। স্থানীয় দুই নারী তাঁর চোখে-মুখে পানির ছিটা দিচ্ছেন। তবে কেউ তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা সোনিয়া বলেন, ‘সকালে মেয়েটিকে পড়ে থাকতে দেখে আমরা সেবা-যত্ন করি। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আজ (শনিবার) সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, ওই তরুণী পরিবারের সঙ্গে নগরের একটি বস্তিতে থাকেন। তিনি কাগজ কুড়িয়ে বিক্রি করে পরিবারকে সহায়তা করেন।
ওসিসিতে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কামাল জানান, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই তরুণী মাঝেমধ্যে কথা বলছেন।