পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের বেতনের কোটি টাকা ছিনতাই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার কোম্পানির শ্রমিকদের বেতনের এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাদের আটক করে পুলিশ।
পুলিশ ও কোম্পানি সূত্রে জানা গেছে, আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামের তিন ম্যানপাওয়ার কোম্পানি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সরবরাহ করে আসছে। ওই তিন কোম্পানির ৫ শতাধিক শ্রমিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে কাজ করে। এসব শ্রমিকের জানুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য বরিশাল নগরের প্রিমিয়ার ব্যাংকের তিনটি পৃথক হিসাব নম্বর থেকে তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে সাড়ে ১২ লাখ, ৩৬ লাখ ও ৫২ লাখ টাকা তুলে। টাকাগুলো নিয়ে মাইক্রোবাসে করে কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎকেন্দ্রে যাওয়া হচ্ছিল। পথে আমতলী উপজেলার টিয়াখালী কলেজ-সংলগ্ন সড়কে একটি ভ্যানগাড়ি ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাইক্রোবাসের গতিরোধ করেন দুর্বৃত্তরা। এ সময় পেছন থেকে ৫-৬টি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে মাইক্রোবাসের আরোহীদের জিম্মি করেন। দুর্বৃত্তরা মাইক্রোবাসটি টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে কোম্পানির কর্মকর্তা মো.হোসাইন, জুয়েল হেসেন, হুমায়ূন কবির, ঝুনু ও তানভীন হোসেনকে বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তানভীন ও ঝুনু প্রতিরোধ করলে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ চালক আবু বক্করকে আটক করে। ঝুনু ও তানভীনকে গুরুতর আহত অবস্থায় রাতে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে। তবে আটক চারজনের নাম জানাননি তিনি।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ তৎপর আছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।