পায়রা বন্দর এলাকায় জমি দখলের অভিযোগ

আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্রবন্দর-সংলগ্ন এলাকায় এক ব্যক্তির জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমির মালিক এস এম সামুয়েল হক এ অভিযোগ করেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এস এম সামুয়েল হক তাঁর লিখিত বক্তব্যে বলেন, পায়রা বন্দর এলাকার ইটবাড়িয়া মৌজার ২৫৭ নম্বর খতিয়ানের ৩১৭ নম্বর দাগে তাঁর দেড় একর জমি আছে। ওই জমিতে তিনি দুই সপ্তাহ আগে ছয়টি দোকান ঘর তুলেছিলেন। তাঁর পাশেই এমএম গ্রুপ কোম্পানির মালিক মো. মহিউদ্দিনের জমি আছে। মহিউদ্দিন বেশ কিছুদিন ধরে তাঁর (সামুয়েল হক) জমিটিও প্রয়োজন বলে তাঁকে বলছিলেন। কিন্তু তিনি (সামুয়েল হক) কোনোভাবেই এ জমি কারও কাছে বিক্রি বা অন্য কোনো ভাবে হস্তান্তর করতে রাজি নন বলে মহিউদ্দিনকেও বলেছেন। এ অবস্থায় ৮ জানুয়ারি রাতে মহিউদ্দিনের নির্দেশে তাঁর কর্মচারীরা জমিতে থাকা নবনির্মিত দোকাঘরগুলো ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলেন।
সামুয়েল হক আরও বলেন, ‘আমি এ বিষয়ে গত ১০ জানুয়ারি পটুয়াখালীর যুগ্ম জেলা জজের প্রথম আদালতে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার ভোগ দখলীয় ওই জমিতে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি না করতে পারে অথবা ভূমির আকার-আকৃতি পরিবর্তন করতে না পারে, এ জন্য মামলা দায়ের করি। এরপর আদালত এমএম গ্রুপ কোম্পানির মালিক মো. মহিউদ্দিনসহ অপর তিনজনের বিরুদ্ধে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থার আদেশ দেন এবং আইনজীবী কমিশনার নিযুক্ত করে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। কিন্তু মো. মহিউদ্দিন আদালতের স্থিতাবস্থার নিষেধাজ্ঞা অমান্য করে দ্বিতীয় দফায় ১৭ জানুয়ারি ও তৃতীয় দফায় ১৯ জানুয়ারি ওই জমিতে ঢুকে জমি দখলপূর্বক আকার-আকৃতি পরিবর্তন করার কাজ চালিয়েছে। আমি এ বিষয়ে কলাপাড়া থানায় প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগও দিয়েছি।’
এ বিষয়ে এম এম গ্রুপ কোম্পানির মালিক মো. মহিউদ্দিন মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘উনি যেই লোকের কাছ থেকে জমি কিনেছেন, ১৯৯৫ সালে সেই কার্ড সরকার বাতিল করেছে। হয়তো তিনি এটা জানতেন না। পরবর্তীতে জমি যাঁর নামে বন্দোবস্ত হয়েছে, আমি তাঁর কাছ থেকে কিনেছি। তা ছাড়া আমরা অনেক বড় ব্যবসা করি। আমি অন্যায় কাজ করব কেন?’ আদালত স্থিতাবস্থা দেওয়ার পরেও আপনি কীভাবে ওই জমিতে কাজ করালেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা আদালতে বক্তব্য দেব।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আমরা দুপক্ষকে থানায় ডেকে কথা বলেছি। দুপক্ষের কাগজপত্র পর্যালোচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এর একটা সমাধান করবেন।’