পায়রা সমুদ্রবন্দরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারণা
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দরের নামে সংবাদপত্রে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি চক্র পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগীরা কলাপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে ওই চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে পায়রা সমুদ্রবন্দরের নামে ছোট একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। এতে বলা হয়, পায়রা সমুদ্রবন্দরে স্থায়ীভাবে কাজের জন্য জরুরি ভিত্তিতে ইনচার্জ পাঁচজন, অফিস সহকারী ১০ জন ও লেবার পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের একটি মুঠোফোন নম্বরে সরাসরি যোগাযোগ ও ই-মেইলের মাধ্যমে আবেদন করতে বলা হয়।
ভুক্তভোগীরা জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে তাঁরা ই-মেইলের মাধ্যমে আবেদন করেন। আবেদন পাওয়ার পর খন্দকার সালাহ উদ্দিন নামের এক ব্যক্তি একটি মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। ওই মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে ১৪ হাজার টাকা বিকাশ করে পাঠাতে বলা হয়। অনেকেই এই টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন।
১৪ হাজার টাকা করে দিয়েছেন এমন ১৫ জনের তালিকা পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে চক্রটি মোট দুই লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তাঁরা জানান, এর বাইরেও কারও কারও কাছ থেকে ১৬ হাজার, ২০ হাজার বা ২৫ হাজার টাকা নিয়েছে চক্রটি। সব মিলিয়ে অন্তত ৪০ জনের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে তারা।
ভুক্তভোগীরা বলেন, যাঁরা টাকা পরিশোধ করেছেন, তাঁদের চাকরি হয়েছে জানিয়ে ফিরতি ই-মেইলের মাধ্যমে নিয়োগপত্র পাঠানো হয় এবং ১০ সেপ্টেম্বর (গতকাল বুধবার) সকাল ১০টায় প্রার্থীদের পায়রা সমুদ্রবন্দর কার্যালয়ে শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ উপস্থিত থাকতে বলা হয়। সেখানে কাজে যোগদানসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হবে বলে প্রার্থীদের জানানো হয়। সেই ই-মেইল অনুযায়ী প্রার্থীরা গতকাল সকালে পায়রা সমুদ্রবন্দরে উপস্থিত হন। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেনি। বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এমনকি সেই মুঠোফোনও এখন বন্ধ।
এ ব্যাপারে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. সাঈদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই বিজ্ঞপ্তিটি আমাদের নজরে আসার পর আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ দিয়েছি এবং এ ধরনের ভুয়া বিজ্ঞাপন কেন প্রকাশ করা হলো তার কারণ ওই পত্রিকার কাছে জানতে চেয়েছি। তা ছাড়া আমরা ইতিমধ্যে ওই চক্রটিকে ধরার জন্য র্যাবসহ গোয়েন্দা সংস্থার লোকজনকে মাঠে নামিয়েছি।’