পায়ুপথ থেকে উদ্ধার হলো সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারীসহ মোট তিনজন। কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রাম আসছিলেন তাঁরা। নগরের মইজ্জারটেক এলাকায় পুলিশ বাসটি থামিয়ে তাঁদের তল্লাশি করে। প্রথমে কিছুই পাওয়া যায়নি। পরে তাঁদের থানায় নিয়ে যায়। এরপর তাঁদের পায়ুপথ থেকে বেরিয়ে আসে সোনার নয়টি বার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার তিনজন হলেন রহমত উল্লাহ (৩৮), মো. শফি (৭০) ও ইয়াসমিন আক্তার (৪০)। তাঁরা কক্সবাজারের উখিয়ার বাসিন্দা। বাস থেকে আটকের পর তাঁদের নগরের কর্ণফুলী থানায় নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে প্রথমে কিছুই পাওয়া যায়নি। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সোনার বার নিয়ে আসার কথা স্বীকার করেন। পায়ুপথে বিশেষ কৌশলে বারগুলো রাখা হয়েছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিনজনের কাছ থেকে তিনটি করে মোট নয়টি সোনার বার পাওয়া গেছে। নয়টি বারের ওজন দেড় কেজি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।