পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার চেষ্টা?
সিরাজগঞ্জে কাইয়ুম মিয়া নামে ১৩ বছরের এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছে পরিবার। গত শনিবার কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে গোদরেজ ফিড কারখানায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কাইয়ুমের অস্ত্রোপচার হয়েছে।
কাইয়ুম সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে। ইলিয়াস সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজারের কাছে একটি ফিডমিলে শ্রমিকের কাজ করেন। শিশুটির মা ববিতা খাতুন অভিযোগ করে বলেন, ওই কারখানার কয়েকজন শ্রমিক হত্যার উদ্দেশে তাঁর ছেলের পায়ুপথে গ্যাসের নল ঢুকিয়ে বাতাস ঢুকিয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত কাইয়ুম। গত শনিবার কাজ শেষে সে আরেক শ্রমিক জাকিরুলকে হাওয়া যন্ত্র দিয়ে শরীরের ময়লা পরিষ্কার করতে বলে। কাইয়ুমের শরীরে হাওয়া যন্ত্র দিয়ে বাতাস দেওয়ার একপর্যায়ে জাকিরুল প্যান্টের নিচ দিয়ে তার পায়ুপথে নলটি ঢুকিয়ে দেয়। এতে কাইয়ুমের পেট ফুলে যায়।
কামারখন্দ থানার পুলিশ জানিয়েছে, শিশুটিকে আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার দুপুরে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানে কাইয়ুমের অস্ত্রোপচার করা হয়। এখন শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক আবদুল মোত্তালেব হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটির পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে অন্ত্রের একাধিক স্থানে ফুটো হয়েছে। অস্ত্রোপচার করে এসব ফুটো জোড়া লাগানো হয়েছে। এখন শিশুটি আইসিইউতে রয়েছে। ৭২ ঘণ্টা পার না হলে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা বলেন, ঘটনাটি জানার পর রাতেই কারখানা পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা বা অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাইয়ুমের বাবা ইলিয়াস হোসেন হাসপাতালে বলেছেন, ছেলের কিছু হয়ে গেলে জাকিরুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করবেন।