পায়ুপথে বাতাস দিয়ে শিশুকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় সাগর বর্মণ (১০) নামের এক শিশুর পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে এই ঘটনা ঘটে। নিহত শিশু সাগর ওই কারখানার রিং বিভাগের শ্রমিক হিসেবে কাজ করছিল।
সাগরের বাবার নাম রতন বর্মণ। তাদের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামে। তারা রূপগঞ্জের দিঘি বরাবো এলাকায় ভাড়া থাকতেন।
নিহত সাগর বর্মণের বাবা রতন বর্মণ সাংবাদিকদের বলেন, ‘ওই কারখানায় আমরা দুজন কাজ করি। সেখানে আজ দুপুরে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন সাগরের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে পেট ফুলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কাঁচপুর শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ঘটনাস্থলে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, এ ঘটনা কীভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কয়েক জনকে আটক করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বাতাস দেওয়া কম্প্রেসর মেশিনটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে জোবেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের মোটরসাইকেল গ্যারেজে নির্যাতন করে রাকিবকে (১২) হত্যা করা হয়। মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল তার মলদ্বারে ঢুকিয়ে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে গত বছরের ৮ নভেম্বর দুজনের ফাঁসির আদেশ দেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। ১০ কার্যদিবসে বিচার-প্রক্রিয়া শেষ করে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়।