পায়ুপথে বাতাস দেওয়ায় শিশু শ্রমিক আহত
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানার এক শিশুশ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূর্য (১৫) নামের শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় আজ সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির সঙ্গে একই কারখানায় কাজ করা শ্রমিকেরা বলেন, তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকায় ‘ইয়ার প্লাস্টিক’ কারখানায় কাজ করেন। আজ বিকেল ৫টার দিকে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসরের পাইপ দিয়ে সূর্যর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন ফিলিমন ও এলিশন নামের দুই শ্রমিক। এতে সূর্য গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
যোগাযোগ করা হলে তরুণ শ্রমিক ফিলিমন বলেন, সূর্য তাদের চেয়ে বয়সে একটু ছোট। বিকেলে শ্রমিকেরা মজা করতে করতে ওই ঘটনা ঘটেছে। এরপর তারাই সূর্যকে হাসপাতালে নিয়ে গেছেন। তিনি বলেন, কারখানায় বোতল ফোলানোর কাজে ওই কম্প্রেসরটি ব্যবহার করা হতো।
যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে তাঁরা সেখানে লোক পাঠিয়েছেন। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে।