পায়ের ওপর পা তুলে বসায়...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে হল থেকে বের করে দিয়েছেন একই সংগঠনের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আলবিরুনি হলে (সম্প্রসারিত ভবন) এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সহসম্পাদক আইন ও বিচার বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শেখ জোবায়ের হোসেন এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মাহবুব হাসান হলের সামনে দোকানে বসে চা খাচ্ছিলেন। তাঁরা পায়ের ওপর পা তুলে বসে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন সেখানে যান। কিন্তু তাঁকে (সাদ্দাম) দেখে পা না নামানোয় ক্ষুব্ধ হন সাদ্দাম।
হল সূত্র জানায়, এর কিছুক্ষণ পরে সাদ্দামের অনুসারীরা জোবায়ের ও মাহবুবকে হলের ‘গেস্টরুমে’ ডেকে নিয়ে যান। এরপর উপস্কুল-বিষয়ক সম্পাদক আরিফুল আলম ও উপ-আইনবিষয়ক সম্পাদক আমির হামজাসহ ৮-১০ নেতা-কর্মী তাঁদের দুজনকে স্ট্যাম্প দিয়ে মারধর করেন ও চড়-থাপ্পড় দিয়ে হল থেকে বের করে দেন।
জোবায়ের ও মাহবুব বলেন, ‘আমরাও ছাত্রলীগ করি। কিন্তু সামান্য কারণে আমাদের মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়েছে।’
আরিফুল বলেন, জোবায়ের ও মাহবুব হলের সবার সঙ্গেই দুর্ব্যবহার করেন। তাই তাঁদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
জানতে চাইলে আমির হামজাও একই ধরনের বক্তব্য দেন।
সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগে বেয়াদবের কোনো স্থান নেই। তাই ওদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘এটা হলের অভ্যন্তরীণ বিষয়। তবু আমরা সম্মিলিতভাবে এটা সমাধানের চেষ্টা করছি।’