পিএসসিতে ৬৫ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা চলাকালে ৬৫ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ছয় শিক্ষককে জরিমানা ও দুই শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভ্রম্যমাণ আদালত এসব নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, বড়হর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থীর মাধ্যমে পিএসসি পরীক্ষা দেওয়ানো হচ্ছে। এরই ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালানো হয়। এই কেন্দ্রে আনন্দ স্কুলের আটটি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। অন্য স্কুলের শিক্ষার্থীরা আনন্দ স্কুলের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ৬৫ পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। তারা সবাই বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পড়াশোনা করে। এ কাজে জড়িত থাকার অভিযোগে ছয় শিক্ষককে আটক করা হয়। পালিয়ে যান দুজন শিক্ষক।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই ৬৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। একই সঙ্গে আটক শিক্ষকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া পলাতক দুই শিক্ষককের বিরুদ্ধে ফৌজদারি আইনে নিয়মিত মামলা করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম।