পিএসসির কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার
উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) এক কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনি ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পিএসসির চতুর্থ শ্রেণির কর্মচারী আকবার হোসেন, ডাক বিভাগের কর্মচারী জসিম সিকদার এবং নিয়ামুল হাসান,
হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, রমজান আলী ও রুবেল আহমেদ।
শনিবার পিএসসির তত্ত্বাবধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কোস্টগার্ডের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর বালক উচ্চবিদ্যালয় থেকে নিয়ামুল, হারুন ও দেলোয়ার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা তিনজনই ভুয়া কাগজপত্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসল পরীক্ষার্থী রুবেল ও রমজানকে শনিবার বিকেলে কল্যাণপুরের ওয়েস্ট পয়েন্ট হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থেকে তথ্য পেয়ে ডাক বিভাগের কর্মচারী জসিমকে বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জসিমের দেওয়া তথ্যানুযায়ী রোববার বিকেলে পিএসসির কর্মচারী (এমএলএসএস) আকবারকে গ্রেপ্তার করা হয়।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পিএসসির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের এমএলএসএস বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, চক্রটি তিন লাখ টাকা পর্যন্ত প্রশ্নপত্র বিক্রি করেছে। তাদের কাছ থেকে পরীক্ষার হুবহু প্রশ্ন, উত্তর, প্রবেশপত্র ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সরকারি কর্ম-কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা সাতজনকে গ্রেপ্তারের খবর শুনেছেন। তবে বিষয়টির বিস্তারিত জানতে পারেননি। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, আদালত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত বাকিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।