প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের বাইপাস থেকে ছিনতাই হওয়া একটি ডিমভর্তি পিকআপ দুই ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোরে আলফাডাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাটু শেখ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাটু শেখের বাড়ি সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ছিনতাই হওয়া পিকআপে ডিজিটাল নম্বরপ্লেট থাকায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করে এর অবস্থান জানা যায়। গতকাল ভোর ছয়টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের বড়গা এলাকার মালা সেতুর কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায়। পিকআপে ছিনতাইকারী দলের তিন সদস্য ছিল। এর মধ্যে চালকের আসনে বসা লাটু শেখকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যায়।