নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার দক্ষিণ চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশিতা আক্তার ওরফে ফাইম (৭) ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
নিহত রিশিতা উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের গাড়িচালক হেলাল উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও রিশিতার সহপাঠীরা জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের বিপরীত দিকের একটি দোকান থেকে আচার কিনে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়ক পার হওয়ার সময় মাছবাহী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রিশিতা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নোয়াখালী শহরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার লোকজন রাস্তায় কিছুক্ষণ অবস্থান করে। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।