পিকআপ স্ট্যান্ডে রাস্তা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোড পার্কের চারপাশের সড়ক দখল করে আবার অবৈধভাবে গড়ে উঠেছে ট্রাক ও পিকআপ স্ট্যান্ড। এতে সড়কে আগের মতোই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। কিন্তু তাদের স্থায়ীভাবে উচ্ছেদে কোনো পরিকল্পনা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পথচারী ও যাত্রীদের অভিযোগ, ট্রাক ও পিকআপ রাখায় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ওই সড়কে যানজট লেগে থাকে। এতে সদরঘাট থেকে গুলিস্তান সড়কে যাতায়াতে যাত্রীদের পাঁচ থে­­­কে ছয় গুণ বেশি সময় ব্যয় হয়।
ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা বলেন, ২০১৫ সালের ২২ ডিসেম্বর এই সড়ক থেকে ট্রাক ও পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর কয়েক মাস পরই আবার সড়কে মালবাহী যান রাখা শুরু করেন চালকেরা। এবার এই স্ট্যান্ডটি উচ্ছেদে জেল-জরিমানার বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার দেখা যায়, তাঁতীবাজার মোড় থেকে রায়সাহেব বাজার পর্যন্ত ইংলিশ রোড পার্কের চারপাশ ঘেঁষে রাখা আছে অর্ধশতাধিক ট্রাক ও পিকআপ। এসব মালবাহী যান কিছুক্ষণ পরপরই স্ট্যান্ড থেকে সড়কে বের হচ্ছে এবং স্ট্যান্ডে ঢুকছে। এতে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ ও পশ্চিম অংশে লেগে আছে তীব্র যানজট। ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে পথচারীরা।
সদরঘাট থেকে তানজিল বাসে করে গুলিস্তানে যাচ্ছিলেন কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম। তিনি বলেন, ইংলিশ রোডে ট্রাক ও পিকআপ রাখায় দিনভর এই সড়কে যানজট লেগে থাকে। অনেক সময় গাড়ির চেয়ে হেঁটে আগে গুলিস্তানে যাওয়া যায়। অবিলম্বে জনগণের যাতায়াতের সুবিধার্থে সড়ক থেকে এসব যান সরানো দরকার।
পিকআপ-চালক মোতালেব মিয়া বলেন, বিকল্প জায়গা না থাকায় তাঁরা এখানে ট্রাক ও পিকআপ রাখেন। এতে সড়কে যান চলাচলে তেমন প্রভাব পড়ে না।
জানতে চাইলে কয়েক দিন আগে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ডিএসসিসির প্রতিটি এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় যেকোনো দিন ইংলিশ রোডের সেই স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।