পিকনিকের খাবার নিয়ে মারামারিতে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের খাবার নিয়ে বিরোধের জেরে সঙ্গীদের পিটুনিতে ইউসুফ আলী (৪৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ইউসুফ আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের বাসিন্দা। তবে তিনি শহরের রেলবস্তির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ মো. মানিক ও আবদুল বারী নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদের ভাষ্য, গতকাল রাতে ক্লাব সুপার মার্কেটের সামনে ফুটপাতে মো. মানিকের (৫০) চায়ের দোকানে পিকনিক করছিলেন কয়েকজন। এ সময় তাঁরা অতিরিক্ত মাদক সেবন করায় বেসামাল হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে খাবার নিয়ে ইউসুফ আলীর সঙ্গে বিরোধ বাধে দোকানমালিক মো. মানিক ও আবদুল বারীর (৪৫)। তাঁদের পিটুনিতে ইউসুফ আলী অচেতন হয়ে পড়ে যান। এ সময় তাঁকে ফেলে অন্যরা পালিয়ে যান। পরে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফ আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকালে শহরের পাঠানপাড়া মহল্লার আবদুল বারী ও দাউদপুর সাহাপাড়া মহল্লার মো. মানিককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই তাজেমুল হক (৪০) বাদী হয়ে মো. মানিক ও আবদুল বারীকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।