পিকনিকের টাকা না দেওয়ায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে পিকনিকের টাকা না দেওয়ায় সপ্তম শ্রেণির ১৬ জন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার কালুপাড়া গুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ১৫ দিন আগে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেশের পরিস্থিতি ভালো না থাকায় সিদ্ধান্তটি স্থগিত করা হয়। অথচ সহকারী শিক্ষক একরামুল হক সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আগাম ২০০ টাকা করে নিতে থাকেন। গত মঙ্গলবার ১৬ জন শিক্ষার্থী টাকা না নিয়ে বিদ্যালয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে একরামুল হক কাঁঠালের ডাল দিয়ে তাদের মারধর করেন। এর মধ্যে আহত মনিরা খাতুনকে ওই দিন রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মেয়েটির কোমর, পিঠ ও পাঁজরে আঘাতের চিহ্ন আছে। সুস্থ হতে একটু সময় লাগবে।
অভিযুক্ত শিক্ষক একরামুল হক বলেন, ‘পিকনিকের জন্য কয়েক দিন ধরে টাকা তুলছি। কিন্তু ওই সব শিক্ষার্থী প্রতিদিন স্কুলে এসে বলে, স্যার আজ টাকা আনতে মনে নাই। তাই কাঁঠালের ছোট ডাল দিয়ে একটি করে মার দিয়েছি। এতে কারও হাসপাতালে যাওয়ার কথা নয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বলেন, তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।