পিকেটারদের মোটরসাইকেলে আগুন দিল জনতা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকেটিং করার সময় পিকেটারদের একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে জনতা। এ ঘটনায় সাইদুর খাঁন ও আবদুর রহমান নামে দুজনকে আটক করা হয়। তাঁরা শিবিরের কর্মী বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, আজ সকাল ১০টার দিকে কুলাউড়া-জুড়ি সড়কের উত্তর কুলাউড়ায় তিন-চারটি মোটরসাইকেলে করে ১০-১২ জন লোক পিকেটিং শুরু করেন। ওই সময় সেখানে পুলিশ গেলে পিকেটাররা পালানোর চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় লোকজন ধাওয়া করে একটি মোটরসাইকেল আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের চালক সাইদুর ও পরে জুড়ীর বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে আবদুর রহমানকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকার মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা ছাত্রশিবিরের কর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।