পিকেটারের আগুনে দগ্ধ আনসার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন লাল মসজিদের কাছে পিকেটারদের দেওয়া আগুনে মো. মনোয়ার (৪৫) নামের এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ওই এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও ঘটনার প্রত্যক্ষদর্শী কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানের ভাষ্য, আজ ভোরে কদমতলীর লাল মসজিদের কাছ থেকে একটি লেগুনাকে আটক করে তাঁরা থানায় নিয়ে যাচ্ছিলেন। মনোয়ার ওই লেগুনার মধ্যে ছিলেন। এ সময় চার-পাঁচজন পিকেটার হঠাৎ করে এসে ওই লেগুনাটির সামনের কাচ ভেঙে লেগুনার মধ্যে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে মনোয়ারের মুখমণ্ডল, বাঁ পা ও দুই হাতের কিছু অংশ পুড়ে যায়। এর পর সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
এসআই মিজানের দাবি, টহল দলের অন্য পুলিশ সদস্যরা একটু দূরে থাকায় কোনো পিকেটারকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মনোয়ারের অবস্থা গুরুতর নয়। তাঁর চিকিৎসা চলছে।