পিকেটারের ইটে আহত ব্যবসায়ী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শুক্রবার অবরোধ সমর্থনকারীদের ইটের আঘাতে আহত হওয়া ব্যবসায়ী এমাদুর ইসলাম ওরফে রাজু (৩৫) আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় এমাদুরের মৃত্যু হয়। তাঁর বাড়ি নাটোরের গুরুদাসপুরের মোল্লা বাজার এলাকায়। গতকাল শুক্রবার রাতে আলুবোঝাই ট্রাক নিয়ে ঢাকায় আসার পথে বগুড়ায় পিকেটারের ছোড়া ইটের আঘাতে আহত হন তিনি।

ট্রাকচালকের সহকারী বেলাল প্রথম আলোকে জানান, গতকাল বিক্রির জন্য আলু ট্রাকে বোঝাই করে ঢাকায় আসছিলেন এমাদুর। রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি বগুড়ার মহাস্থানগড় এলাকায় পৌঁছলে পিকেটাররা ট্রাকটি লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এমাদুরের মাথায় একটি ইটের ঢিল এসে লাগে। আহত অবস্থায় তাঁকে রাতে বগুড়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ সকালে এমাদুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা আছে।