পিজিসিএলের এমডির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) সদ্য বদলি হওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল ইসলাম খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর লেখা দুটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
ইতিমধ্যে এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে বদলির পরও ব্যবস্থাপনা পরিচালক পেছনের তারিখে স্বাক্ষর করে সাতজন কর্মকর্তাকে কৈফিয়ত তলব করে গেছেন। বিষয়গুলো নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
দুটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, রেজাউল ইসলাম পিজিসিএলের বাঘাবাড়ী কার্যালয়ের অধীনে বিচ্ছিন্ন করা ২৫টি অবৈধ সংযোগ টাকার বিনিময়ে পুনরায় সংযোগ দিয়েছেন। আবার বন্ধু সিএনজি স্টেশনকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানা আদায় না করে তিনি উৎকোচের বিনিময়ে এতে গ্যাস সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।
গত ১৫ মার্চ পিজিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের এক অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রেজাউল ইসলাম খান ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পর আর্থিক সুবিধার বিনিময়ে অনেক কর্মকর্তাকে সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ স্থানে বদলি এবং পদোন্নতি দিয়েছেন। এ ছাড়া ধারাক্রম (ক্রমিক ভেঙে) অনুসরণ না করে গুরুত্বপূর্ণ ব্যক্তি উল্লেখ করে অসংখ্য গ্যাস-সংযোগ দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, তাঁর ভগ্নিপতি একই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ইমাম উদ্দিন প্রভাব বিস্তার করে কর্মকর্তাদের হয়রানি করেছেন। এসব কারণে এক কর্মকর্তা চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা কর্তৃপক্ষ ৬ এপ্রিল তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে ৭ এপ্রিল তাঁকে সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানিতে বদলি করা হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, এ সময় তিনি ঢাকা লিয়াজোঁ কার্যালয়ে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর ৯ এপ্রিল তিনি প্রধান কার্যালয় নলকায় ফিরে আসেন। পরে শুক্র ও শনিবার ছুটির দিনসহ রাতেও তিনি অফিস করেন। ক্ষুব্ধ হয়ে পেছনের তারিখে (৭ এপ্রিল) স্বাক্ষর করে সাতজন কর্মকর্তার বিরুদ্ধে কৈফিয়ত তলব করেন।
কৈফিয়তপত্র পাওয়া নজরদারি বিভাগের (ভিজিলেন্স ডিপার্টমেন্ট) ব্যবস্থাপক শৈলজা নন্দ বসাক বলেন, ‘১২ এপ্রিল বিকেল পাঁচটার দিকে পত্রগুলো সাতজনের হাতে ধরিয়ে দেওয়া হয়। তাড়াতাড়ি চিঠি দিতে গিয়ে অপারেশন বিভাগের ব্যবস্থাপক মো. ফজলে আলমের নামে দেওয়া কৈফিয়তপত্রের ভেতরে একপর্যায়ে ভুলে আমার নাম (প্রকৌশলী শৈলজা নন্দ বসাক) উল্লেখ করা হয়েছে। এতেই প্রমাণিত হয়, তিনি প্রশাসন বিভাগের সহায়তা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ও স্বতঃপ্রণোদিত হয়ে কাজটি করেছেন।’ তিনি বলেন, ‘রেজাউল ইসলাম তাঁর নিজের স্বার্থ চরিতার্থ এবং আমাদের পদোন্নতি বঞ্চিত করার লক্ষ্যে গোপনে এ কাজ করেছেন।’
প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমান মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান ও উপমহাব্যবস্থাপক ইমাম উদ্দিনকে নিয়ে রেজাউল ইসলাম নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করেছেন। হাবিবুর রহমান সরকারি গাড়ি অবৈধভাবে ঢাকায় ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। ব্যবস্থাপনা পরিচালক দাপ্তরিক কাজে ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ঢাকায় অবস্থান করেন। তবে ৭ এপ্রিল প্রধান কার্যালয় নলকায় উপস্থিতি দেখিয়ে কৈফিয়তপত্রে স্বাক্ষর করেন।’
উপমহাব্যবস্থাপক ইমাম উদ্দিন বলেন, ‘একজন ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট কোম্পানির যেকোনো গাড়ি ব্যবহার করতে পারেন। এটি দোষের কিছু নয়। স্থানীয় একটি চক্র অন্যায়ভাবে নানা অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে হাবিবুর রহমান বলেন, ‘কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। একজন ব্যবস্থাপনা পরিচালক যেকোনো সময় যেকোনো স্থানে অফিস করতে পারেন। বদলির কারণে দ্রুত এ কাজটি করা হয়েছে। জরুরি কিছু কাজের জন্য ছুটির দিনে অফিস করা হয়েছে।’
এ বিষয়ে রেজাউল ইসলাম খানের মুঠোফোনে সপ্তাহ খানেক সময়ে ১৫-২০ বার ফোন করা হলেও তিনি তা ধরেননি।
পিজিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক বলেন, ‘১২ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর কার্যদিবস শেষে আমি বাসায় চলে যাই। তবে বাসায় আসার পর শুনেছি রেজাউল ইসলাম অফিসে কয়েক ঘণ্টা ছিলেন। কৈফিয়ত তলবের বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। যাওয়ার সময় তিনি কাজটি না করলেও পারতেন।’