পিজিসিএলের কোটি টাকার গ্যাস চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাসেল মাসরাইজিং নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকার গ্যাস চুরির অভিযোগ উঠেছে। মিটারে কারসাজি করে ও পরে গ্যাসলাইনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এই গ্যাস চুরি করা হয়।

১৩ আগস্ট পরিদর্শনে আসা পিজিসিএলর একটি ভ্রাম্যমাণ দলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতায় থাকা ওই প্রতিষ্ঠানটি গ্যাস চুরি করে আসছিল।

পিজিসিএলের বাঘাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাকিলামারী এলাকার রাসেল মাসরাইজিং মূলত একটি ডায়িং কারখানা। প্রতিষ্ঠানটি অনুমোদিত লোডের চেয়ে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার করছে এমন অভিযোগ পেয়ে ২০১৪ সালের ৬ মার্চ সেখানে তাঁরা অভিযান চালান। ভ্রাম্যমাণ পরিদর্শক দল ঘটনাস্থলে গিয়ে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে। এ ঘটনায় মালিকপক্ষের লোকজন পরিদর্শক দলের সদস্যদের ওপর চড়াও হয়ে তাঁদের লাঞ্ছিত করেন। নানা হুমকির মুখে সংযোগটি পুনঃস্থাপন করা হয়। এর তিন দিন পর থানা-পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেট নিয়ে ওই সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করাহয়। এরপর মালিকপক্ষ শাহজাদপুর আমলি আদালতে মামলা করলে বিচারক সংযোগটি ফেরত দেওয়ার নির্দেশ দেন।

বাঘাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, ওই কারখানার মাসিক ৬ হাজার ১২৮ ঘনফুট গ্যাস ব্যবহারের অনুমতি আছে। কিন্তু সংযোগ ফিরে পাওয়ার পর প্রতিষ্ঠানটি মিটারে কারসাজি করে প্রতি মাসে দু-তিনগুণ বেশি পরিমাণ গ্যাস ব্যবহার করেছে। টাকার অঙ্কে যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

জহুরুল আরও বলেন, মিটারটি নষ্ট হলে ১০ আগস্ট প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী মিটারটি খুলে আনার জন্য আবেদন করেন। ১২ আগস্ট মিটারটি খুলে আনা হয়। পরের দিন লোড পরিস্থিতি পরিমাপের জন্য প্রধান কার্যালয় থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সরাসরি লাইন থেকে গ্যাস ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটি সাড়ে চার টনের একটি বয়লার, দুটি বার্নার অনুমোদন ছাড়াই ব্যবহার করছিল।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মো. হায়দার আলী বলেন, ইতিপূর্বে কিছু ঘটনায় মামলা হয়েছে। এগুলো এখনো চলছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করার বিষয়টি সত্য নয়। কোম্পানির কর্মকর্তারা অন্যায়ভাবে তাঁর ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম ফারুক বলেন, ‘মিটারটিতে হাতাহাতির করার কারণে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’