পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুৎ বিভাগের প্রায় দেড় কোটি টাকার পরিত্যক্ত মালামাল আত্মসাতের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান বাদী হয়ে ভান্ডারিয়া থানায় এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন পিজিসিবির বরিশালের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে পিজিসিবির খুলনা হাউসের গ্রিড সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লক্ষ্মীনারায়ণ, পিরোজপুরের ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. হানিফ হোসেন গাজি ও পিজিসিবি গ্রিড সার্কেল খুলনার সাবেক সিকিউরিটি পরিদর্শক (বর্তমানে আফতাব নগরের রামপুরা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারে কর্মরত) আনোয়ার হোসেন। তাঁদের মুঠোফোন সংগ্রহ করা যায়নি। তা ছাড়া অন্য কোনো মাধ্যমেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এজাহার সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্র থেকে কঁচা নদীর পূর্ব পাড়ের পয়েন্ট পর্যন্ত বিদ্যমান ও পরিত্যক্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনের মালামাল উদ্ধার করে আসামিরা আত্মসাৎ করেন। কিন্তু এই ঘটনায় ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর পিজিসিবি গ্রিড সার্কেল খুলনার তৎকালীন সিকিউরিটি পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার মালামাল চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমানের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা করেন। এরপর মামলাটির তদন্তের ভার পায় দুদকের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান। দুদক মামলাটি তদন্ত করতে গিয়ে ঠিকাদার আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি। তদন্তে দুদক বিদ্যুৎ বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সঞ্চালন লাইনের মালামাল ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রে জমা না দিয়ে আত্মসাৎ করার প্রমাণ পায়। এই ঘটনায় দুদক আতাউর রহমানের বিরুদ্ধে করা মামলাটি নিষ্পত্তি করে। তা ছাড়া নতুন করে পিজিসিবির ওই সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে মামলা করেন।
দুদকের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান বলেন, পিজিসিবির ওই তিন কর্মকর্তা মালামাল আত্মসাৎ করে পরে তা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ঠিকাদার আতাউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে ঠিকাদার আতাউর রহমানের স্বাক্ষর জাল করে আসামিরা ভুয়া কাগজপত্র তৈরি করে মালামাল চুরির অভিযোগে মামলাটি করেন। বাস্তবে আতাউর রহমান ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন না।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।