পিটিয়ে ও কুপিয়ে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নওগাঁর রানীনগরে গোলাম রব্বানী ওরফে বাবু (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গোলাম রব্বানী উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত কায়সার প্রামাণিকের ছেলে।
এদিকে মামার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন রাজশাহীর বাগমারার দ্বীপপুর গ্রামের সান্টু ইসলাম (১৯)। গত শুক্রবার তাঁর লাশ রাজশাহী শহরের পাশের পদ্মা নদীর চর থেকে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, এনায়েতপুর গ্রামে বাড়ির পাশের সামান্য জমি নিয়ে গোলাম রব্বানীর সঙ্গে প্রতিবেশী রহমত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রহমত আলীর ছেলে আলতাফ হোসেনসহ কয়েকজন গোলাম রব্বানীকে পিটিয়ে গুরুতর আহত করেন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বাগমারার দ্বীপপুর গ্রামের সান্টু ইসলামের বাবা গয়ের উদ্দিন জানান, গত মঙ্গলবার সান্টু রাজশাহী শহরে তাঁর মামার বাড়িতে বেড়াতে যান। পরের দিন ওই বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তাঁর মামা রাজশাহী খাদ্য অফিসের পরিদর্শক আলেপ আলী নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত শুক্রবার রাতে পদ্মা নদীর চরে কয়েকজন লোক এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে নগরের রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে রাতেই আত্মীয়স্বজন মর্গে গিয়ে সান্টুর লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাজপাড়া থানার ওসি মেহেদি হাসান বলেন, গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত তরুণের বুকের বাঁ-পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে তিনি খুন হয়েছেন, তা এখনো জানা যায়নি।