পিটিয়ে-কুপিয়ে গরু ব্যবসায়ীদের ১৫ লাখ টাকা ডাকাতি
গরু ব্যবসায়ীদের পিটিয়ে ও কুপিয়ে ডাকাতেরা গরু বিক্রির ১৫ লাখ টাকা কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ছয়টার দিকে তুরাগ এলাকার বেড়িবাঁধ বালুর গদি নামক জায়গায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. জামিরুল (৩৫), লুৎফর রহমান ( ৪০), মক্কেল (৪০), জাহাঙ্গীর (৪৫) ও ফুয়াদ (৪০)। নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী আবু হানিফ (৩০)। আহত লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাকাতদের বেধড়ক পিটুনিতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লুৎফর রহমান জানান, গাবতলী হাটে গরু বিক্রি করেন তাঁরা। আজ সকাল ছয়টার দিকে গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার জন্য সাভারের আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে তাঁরা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। দলে তাঁরা ১০ জনের মতো ছিলেন। এ সময় একটি পিকআপ তাঁদের সামনে এসে থামে। ওই পিকআপে থাকা এক লোক বলেন, পিকআপটি কুষ্টিয়া যাচ্ছে। তাঁরা চাইলে যেতে পারেন। ওই পিকআপটিতে আরও কয়েকজন যাত্রী ছিলেন। পিকআপটি কুষ্টিয়া যাচ্ছে, এমন খবরে উৎসাহিত হয়ে তাঁরা ছয়জন ওই পিকআপে ওঠেন।
লুৎফর বলেন, পিকআপটি তুরাগ এলাকার বেড়িবাঁধ বালুর গদি নামক জায়গায় পৌঁছালে যাত্রী ছদ্মবেশে থাকা ডাকাত দলের সদস্যরা তাঁদেরকে বেধড়ক পেটাতে শুরু করে। একপর্যায়ে জামিরুলের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দেয়। সবাইকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁদের সঙ্গে থাকা গরু বিক্রির প্রায় ১৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর গাড়ি থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়।
তাঁদের সঙ্গে থাকা আরেক গরু ব্যবসায়ী আবু হানিফকে পাওয়া যাচ্ছে না এমনটা দাবি করে লুৎফর আরও বলেন, ডাকাতেরা সম্ভবত আগে থেকেই তাঁদের পিছু নিয়েছিল। পিকআপ থেকে নামিয়ে দেওয়ার পর তাঁরা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জামিরুলের শরীরে ধারালো অস্ত্রের কোপ লাগায় তাঁকে ভর্তি করা হয়েছে।