রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের এক নেতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। আহত সাংস্কৃতিক কর্মী বাসুদেব রায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিলসহ গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। অভিযুক্ত ছাত্রলীগকর্মী সাদ্দাম হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গণশিল্পী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যালয়টি ক্যাম্পাসের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্তোরাঁর পাশে অবস্থিত। কার্যালয় ও রেস্তোরাঁর মাঝে একটি জানালা আছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয়ে মহড়া দেওয়ার সময় প্রচণ্ড গরম থাকায় বাসুদেব গিয়ে রেস্তোরাঁ লোকজনকে জানালার পাশ থেকে একটি টেবিল সরিয়ে দিতে অনুরোধ করেন, যাতে জানালাটি খোলা যায়। রেস্তোরাঁয় তখন আড্ডা দিচ্ছিলেন সাদ্দাম ও তাঁর সহযোগীরা। তখন সাদ্দাম রেস্তোরাঁর লোকজনের সঙ্গে কথা না বলে তাঁর সঙ্গে কথা বলতে বলেন বাসুদেবকে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাসুদেবকে মারধর শুরু করেন ছাত্রলীগের ওই কর্মী। তিনি আত্মরক্ষার্থে দৌড়ে সংস্থার কার্যালয়ে ঢুকলে সাদ্দাম এবং তাঁর সাঙ্গপাঙ্গরা সেখানে ঢুকেও বাসুদেবকে বেদম পিটিয়ে গুরুতর জখম করেন।
সাংস্কৃতিক জোট নেতা শিবু চন্দ্র অধিকারী বলেন, বাসুদেবকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ডান পায়ের হাড় ভেঙে গেছে।
ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় সাংস্কৃতিক জোট প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন কণিকা গোপ, আনোয়ার হোসেন, ইমরান আলী, আয়াতুল্লাহ খোমেনি, ফারুক ইমন প্রমুখ। বক্তারা ছাত্রলীগকর্মী সাদ্দাম ও তাঁর সহযোগীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীসহ সব শিক্ষার্থীর নিরাপত্তার দাবি জানান। পরে উপাচার্যকে একটি স্মারকলিপি দেওয়া হয়।
অভিযুক্ত ছাত্রলীগকর্মী সাদ্দাম বলেন, ‘জানালা খোলায় আমার বসতে অসুবিধা হচ্ছিল।’ মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসুদেব সিলসিলার লোকজনের সঙ্গে কথা বলছিলেন। তখন আমি তাঁর ঘাড়ে হাত দিয়ে বলি, ভাই আসেন আমার সঙ্গে কথা বলেন। তখন হঠাৎই তিনি আমাকে একটি ঘুষি মারেন। এরপর আমিও তাঁকে একটু মেরেছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’
প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্ত ছাত্রলীগকর্মীকে ধরতে তাঁর আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে তল্লাশি চালিয়েছি। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।’