পিটিয়ে, সিএনজি চাপা দিয়ে বাসচালকের সহকারীকে হত্যা
রাত সাড়ে তিনটায় মহাসড়কে বাস আটকে প্রথমে চালকের এক সহকারীকে পেটানো হয়েছে। তারপর তাঁকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চাপা দেওয়া হয়েছে। পরে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন।
গত বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আজহারুল ইসলাম (২৫)। বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া গ্রামে।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মো. জিয়া, ইমাম হোসেন ও মো. ভুট্টু। তাঁদের বাড়ি ঘটাস্থলের আশপাশে।
পুলিশের একাধিক সদস্য, বাসের চালক শরিফুল ইসলাম ও সুপারভাইজার শাহিন মিয়া বলেন, বিশাল পরিবহনের নৈশকোচটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদর থেকে ৪২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় কাউন্টারে থামে। এ সময় চিওড়ার হালদার মুড়া গ্রামের মো. সবুজের (২৭) নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল রড ও ধারালো অস্ত্র নিয়ে বাসটির চারপাশ ঘিরে ধরে। পরে চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে বেধড়ক পিটিয়ে আহত করে। একপর্যায়ে চালকের সহকারী আজহারুলকে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে পাশের একটি হোটেলের সামনে নিয়ে যায়। সেখানে তাঁকে আরেক দফা পেটানো হয়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশা দিয়ে তাঁকে কয়েক দফা চাপা দেওয়া হয়। শেষে তাঁকে পাশের সুজাতপুর এলাকায় অন্য একটি হোটেলের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা।
পরে বাসচালক ও সুপারভাইজার সেখান থেকে আজহারকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। রাত পোহালে সেখান থেকে তাঁকে নিয়ে তাঁরা ঢাকায় রওনা দেন। পথে মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আজহারুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাসচালক শরিফুল প্রথম আলোকে বলেন, এর আগে ১২ অক্টোবর সবুজ মহাসড়কে সাইকেল ফেলে ব্যারিকেড দিয়ে বিশাল পরিবহনের অপর একটি বাস আটকানোর চেষ্টা করেছিল। ওই বাসের চালক সাইকেলটিকে চাপা দিয়ে চলে যান। তখন সবুজের নেতৃত্বে যুবকেরা চিওড়া রাস্তার মাথায় বাসটির কাউন্টারে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন সাইকেলের ক্ষতিপূরণ হিসেবে পর্যায়ক্রমে পাঁচ হাজার টাকা পরিশোধের শর্তে মীমাংসা করে দেন। কিন্তু টাকা পরিশোধের নির্ধারিত সময়ের দুই দিন আগেই এই হামলা চালানো হলো।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সবুজের একটি মাদকের চালান বিশাল পরিবহনের একটি বাসে করে ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় পুলিশ জব্দ করেছিল। এর জন্য বাসের চালক, সহকারীকে সন্দেহ করেন সবুজ। এর সূত্র ধরেই একবার রাস্তায় সাইকেল ফেলে বাস আটকানোর চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ কোম্পানির আরেক বাসে হামলা চালিয়ে চালকের সহকারীকে পিটিয়ে হত্যা করা হলো।
জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজহারুলের লাশ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর ওপর হামলা ও হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।