পিটিয়ে হাসপাতালে পাঠালেন কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সালিস বৈঠকে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন। পরে মিন্টু বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
গত সোমবার দুপুরে বন্দরের কুড়িপাড়ায় কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন মিন্টু।
মিন্টু সাংবাদিকদের বলেন, ১২ বছর আগে তিনি মুন্সিগঞ্জে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। গত রোববার স্ত্রী রুমার সঙ্গে তাঁর ঝগড়া হয়। এর জের ধরে রুমা তাঁর ৪৯ হাজার টাকা ও গয়না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর ধামগড় ইউনিয়নের বাসিন্দা হয়েও রুমা সিরাজুল ইসলামের কাছে বিচার দেন। রোববার সিরাজুল তাঁর লোক ইসহাক, আবু সাঈদ ও মহিউদ্দিনকে দিয়ে তাঁকে (মিন্টু) বাড়ি থেকে ধরে নিজের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
মিন্টু আরও বলেন, তাঁর ওপর নির্যাতনের কথা কাউকে বললে বা থানায় কোনো অভিযোগ করলে তাঁর স্ত্রীকে দিয়ে নারী নির্যাতন মামলা করিয়ে তাঁকে শায়েস্তা করার হুমকিও দেওয়া হয়। তবে তিনি (মিন্টু) বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ধামগড় ইউনিয়নের সদস্য শাহ আলম বলেন, মিন্টু তাঁর ইউনিয়ন পরিষদের বাসিন্দা ও তাঁর ওয়ার্ডের লোক। কিন্তু কাউন্সিলর সিরাজুল তাঁর ওয়ার্ডের লোকের ওপর নির্মম নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর বিচার হওয়া উচিত।
কাউন্সিলর সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিন্টু তাঁর স্ত্রীকে মারধর করেছেন। তাঁর সঙ্গে বেয়াদবি করেছেন। এ জন্য তাঁকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনা তদন্তের জন্য এসআই তালেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।