পিটিয়ে অটোরিকশাচালকের পা ভাঙলেন পুলিশ সদস্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় মো. পলাশ নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে অর্ক মজুমদার নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আহত পলাশকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ঝুমুর সিনেমা হল এলাকা থেকে যাত্রী নিয়ে তিনি শহরের উত্তর তেমুহনী এলাকায় যাচ্ছিলেন। শহরের মাদাম সেতু এলাকায় পৌঁছালে অর্ক মজুমদার তাঁকে অটোরিকশা থামাতে বলেন। অটোরিকশা থামালে অর্ক তাঁর কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। পরে ৩০০ টাকা দিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে মারধর করে পা ভেঙে দেন অর্ক মজুমদার। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সেলিম বলেন, মহাসড়কে অটোরিকশা চালানোর ক্ষেত্র উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ ওই অটোরিকশাচালককে বাধা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় পুলিশ বহন করবে। আর অভিযুক্ত অর্ক মজুমদারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে অটোরিকশাশ্রমিকেরা বেলা তিনটার দিকে মাদাম সেতু এলাকায় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুপাশে যানজট লেগে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার বিচারের আশ্বাস দিলে বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।