পিটিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ফেলে রাখা হয় রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জের চরনগর গ্রামে গত বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছেন। পরে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে চরবওলা-বালিজুড়ি পাকা রাস্তার পাশে ফেলে রেখে যান তাঁরা।
এলাকাবাসী তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর চেতনা ফিরে আসে।
ওই গৃহবধূ জানান, তাঁর নাম নূপুর বেগম। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আবদুল হাকিমের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে মাদারগঞ্জের চর পাকেরদহ ইউনিয়নের চরনগর গ্রামের নওশের আলীর ছেলে জবেদ আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁর স্বামী জবেদ আলী, ভাশুর চান মিয়া, দেবর সাইদুল ও ননদের স্বামী বাটু মিয়া তাঁকে মারধর করেন।
চরনগর গ্রামে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহব্বতুল্যাহ বলেন, ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় পেটে আঘাত লাগতে পারে।