পিটিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা!
পাবনা সদর উপজেলায় আজ রোববার বিকেলে পিটিয়ে মির্জা মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার (৫২) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে আরও দুজন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মকবুল হোসেনের বাড়ি সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে। তিনি পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি অবসর নেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকেল তিনটার দিকে মকবুল হোসেন বাড়ির পাশে একটি জমিতে নালা কাটছিলেন। এ সময় গ্রামের কিছু লোক তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তাঁকে বাঁচাতে মো. আরজান ও আহম্মদ আলী নামের দুজন এগিয়ে যান। তাদেরও মারধর করে চলে যান ওই ব্যক্তিরা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান সাংবাদিকদের বলেন, মকবুলের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।