পিটিয়ে ও কুপিয়ে দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধে ঝিনাইদহে মহন মুন্সীকে (২৮) কুপিয়ে এবং বিয়ে নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বরিশালের মুলাদী উপজেলায় আজাদ শরিফ (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার এ ঘটনা দুটি ঘটেছে।
মহন মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামের হাফিজ উদ্দিন মুন্সীর ছেলে। আর আজাদ শরিফ মুলাদী উপজেলা সদরের দড়ির চর লক্ষ্মীপুর গ্রামের ছোমেদ শরিফের ছেলে। তিনি উপজেলা যুবমৈত্রীর সদস্য।
ইস্তেফাপুর গ্রামের বাসিন্দা সূত্র জানায়, গ্রামের হাসানুজ্জামান তিতুর সঙ্গে জমি নিয়ে একই গ্রামের ফিরোজ আহমেদ ফিদুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ফিদুর সমর্থক মহন মুন্সী, মুসলিম বিশ্বাসসহ তিনজন মধুপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ইস্তেফাপুর গ্রামে পৌঁছালে হাসানুজ্জামান তিতুর সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহন ও মুসলিম বিশ্বাসকে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহন মুন্সীকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, এই ঘটনায় তাঁরা দুজনকে আটক করেছেন। তাঁরা হলেন ওই গ্রামের হাসানুজ্জামান তিতু (৪৮) ও মুরারীদহ গ্রামের ফজের আলীর ছেলে খোকন আলী (২৮)। ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দড়ির চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দাদের বরাত দিয়ে মুলাদী থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে আজাদ শরিফের সঙ্গে একটি বিয়েসংক্রান্ত ঘটনা নিয়ে চাচাতো ভাই মো. শাওন ও মো. সবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ও সবুর গাবগাছের লাঠি দিয়ে আজাদকে এলোপাতাড়ি পেটান। এ ঘটনায় সঙ্গে সঙ্গে আজাদ মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আজাদের চাচা ছত্তার শরিফ ও চাচি মাহমুদা বেগমকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি মতিয়ার রহমান বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আজাদ শরিফকে বেদম প্রহার করেন তাঁর চাচাতো ভাইয়েরা। এলোপাতাড়ি পিটুনিতে তিনি মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত শাওনের বাবা ছত্তার শরিফ ও মা মাহমুদা বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আজাদের ভাই সবুজ শরিফ বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।