পিটিয়ে ছাদ থেকে ফেলে যুবক হত্যা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় গতকাল শুক্রবার ভোররাতে পিটিয়ে ও কমিশনারের কার্যালয়ের ওপর থেকে ফেলে আরিফ হোসেন সোহাগ (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে ওয়ারী থানার পুলিশ ওয়ারীর কাপ্তানবাজারে কমিশনারের কার্যালয়ের পাশ থেকে আরিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফের কপালের ডান পাশে গভীর ক্ষত আছে। হাড়ও ভাঙা। চোয়ালের বাঁ পাশে কালো দাগ। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বাবু, রনি ও ইউসুফ নামের তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্ধুবান্ধবের হাতেই খুন হয়েছেন আরিফ। গতকাল ভোররাতের দিকে স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আরিফের সঙ্গে কয়েকজন বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে বেদম মারধর করে ছাদের ওপর থেকে ফেলে দেওয়া হয়।
ওসি বলেন, আরিফ ওয়ারী থানা এলাকার ফরচুন টাওয়ারে ভাইয়ের বাসায় থাকতেন। তিনি তেমন কিছুই করতেন না। কোনো কোনো রাতে বাসায় ফিরতেন না। এখন কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তার কারণ জানার জন্য আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।