পিটিয়ে জিন তাড়ান তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় জিন তাড়ানোর নামে মানুষকে লাঠিপেটা করেন এক ব্যক্তি। এ ছাড়া তিনি তাবিজ, ঝাড়ফুঁক ও পানিপড়া দেন। এভাবে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী ব্যক্তিদের।
ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে স্বপন। বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামে। তবে নিজেকে তিনি পরিচয় দেন পল্লি চিকিৎসক হিসেবে, যদিও এলাকায় স্বপন কবিরাজ নামে তাঁর পরিচিতি।
১১ নভেম্বর খোর্দ্দনারায়ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, নামহীন একটি মাজারের আশপাশে শতাধিক মানুষের ভিড়। মাজারের পশ্চিম পাশে টিনের ছাউনি ও বাঁশের বেড়া দেওয়া একটি স্থান। সেখানে দেখা যায়, ১৫-১৬ জন নারী-পুরুষকে একে একে সামনে ডেকে এনে ঝাড়ফুঁক ও পড়া পানি পান করাচ্ছেন স্বপন। সবশেষে একটি গ্লাসে পানি নিয়ে তাতে ফুঁ দিয়ে ওই রোগীদের গায়ে ছিটাতে ছিটাতে চারপাশে পাক খান তিনি। এভাবে তিন পাক ঘোরার পর সবাইকে পরের দিনের চিকিৎসার জন্য আবার আসতে বলেন।
পরিচয় গোপন রেখে জানতে চাইলে কবিরাজের সহযোগী লোকমান হোসেন বলেন, এঁরা সবাই জিন-ভূতে ধরা রোগী। কারও তাবিজ ও পানিপড়া খেয়েই ভালো হয়ে যায়। আবার কারও লাঠিপেটা ও শুকনো মরিচ পুড়িয়ে ধোঁয়া শুকানোর চিকিৎসা দিতে হয়।
খোর্দ্দনারায়ণপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ভোর ছয়টার দিকে ও রাত রাত ১০টার দিকে জিনের আছর ছাড়ানোর নাম করে রোগীদের বেত্রাঘাত করেন স্বপন।
সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত অবস্থান করে আরও দেখা যায়, ঝাড়ফুঁক ও পানিপড়া দেওয়া ছাড়াও স্বপন নিজের প্যাডে হারবাল ওষুধ লিখে দেন। এসব ওষুধ তাঁর বাড়িতেই বিক্রি করেন। তাবিজও বিক্রি করেন। প্রতিটির মূল্য ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। সেই সঙ্গে মাজারে দান করার জন্য সব রোগীকেই পরামর্শ দেন।
চিকিৎসা নিয়ে ফেরার সময় কথা হয় মান্দা উপজেলার পাঠাকাঠা গ্রামের আবদুল মজিদ ও তাঁর মেয়ের সঙ্গে। মজিদ বলেন, কয়েক মাস ধরে তাঁর মেয়ে অসুস্থ। চিকিৎসক দেখিয়ে কাজ হয়নি। তিন দিন ধরে আসছেন। তিনি বলেন, কবিরাজ প্রতিদিন পড়াপানি খাওয়াচ্ছেন। এ ছাড়া ফাইল (হারবাল ওষুধ) দেন। শেষ দিন মাজারে কিছু দান করতে বলেছেন এবং কবিরাজের কাছ থেকে একটি তাবিজ কিনে নিতে বলেছেন। তাবিজের দাম ৮০০ টাকা। মাজারে ৪০০-৫০০ টাকা দান করতে হবে।
পেটানোর অভিযোগ অস্বীকার করে স্বপন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার পল্লি চিকিৎসকের সনদ আছে। অনেক দিন ধরে আমি এভাবে চিকিৎসা দিয়ে আসছি। অনেক মানুষ ভালো হয়েছে।’
মাজার সম্পর্কে স্বপন বলেন, এখানে অনেক আগে থেকেই মাজার ছিল। স্বপন স্থানীয় একটি আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়াশোনা করেছেন।
নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, নওগাঁয় এ ধরনের অপচিকিৎসা চলে, এটা তাঁর জানা ছিল না। শিগগিরই বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও এ কে এম তাসকিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। এর সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
স্বপন কবিরাজ ও মাজার সম্পর্কে খোর্দ্দনারায়ণপুর ও পার্শ্ববর্তী দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল ইসলাম, শুভ ইসলাম, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, ইউনুস আলীসহ ১০-১২ জনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দুই বছর আগেও ওই গ্রামে মাজার ছিল না। এক রাতের মধ্যে স্বপন কবিরাজের বাড়ির সামনে লম্বা কবর তৈরি করে প্রচার করা হয় এটি মাজার। এই অপচিকিৎসা বন্ধে ২ নভেম্বর একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রেসক্লাবে ডাকে পাঠানো হয়েছে।