পিটিয়ে হত্যা: রাজন-রকিব-রবিউলের পর রাজা মিয়া
মোবাইল চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে আজ সোমবার রাজা মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সিলেটের শিশু রাজন, খুলনার শিশু রকিব ও বরগুনার শিশু রবিউল আউয়ালকে হত্যার রেশ না কাটতেই রাজা মিয়াকে সেই ভাগ্য বরণ করতে হলো।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, মুঠোফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে পাগলাটে স্বভাবের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া ও তাঁর সহযোগীরা। হাজারীবাগ থানা-পুলিশ মনির, সুজন ও সাগর নামে আরজুর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। হত্যার অভিযোগে আরজুকেও অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে স্থানীয় লোকজন জানালেও সেই বাহিনীটি রাত পর্যন্ত বিষয়টি স্বীকার করেনি।
রাজা মিয়াকে এলাকাবাসী ‘পাগলা পোলা’ হিসেবেই চেনেন।
স্বজনেরা জানান, রাজার বাবা বাবুল মিয়া নিরাপত্তারক্ষীর কাজ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রাজা সবার ছোট। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই রাজার পাগলাটে আচরণ শুরু হয়। এরপর থেকেই সে আর কিছু করত না। ঘুরেফিরে বেড়াত। ঠিকমতো খেত না বলে শরীর ছিল একেবারে হাড্ডিসার।
পুলিশ জানিয়েছে, রাজার পাতলা শরীরে অসংখ্য মারের চিহ্ন রয়েছে। বাঁ ও ডান হাত ছোলা জখম, কপালের বাঁ পাশে এক আঙুল পরিমাণ গভীর গর্ত রয়েছে। তার শরীর ভরা জখম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মিয়ার ফুফু রত্না আক্তার ওরফে হাওয়া বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ নেতা আরজু নিজেই রাজাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে আরজু বলেন, তাঁর মুঠোফোন চুরি হয়েছে, তিনি রাজাকে সন্দেহ করেন। পরে রাজার ফুফুসহ কয়েকজন আত্মীয় গিয়ে দেখেন, রাজাকে মারপিট করা হচ্ছে। পরে বিকেলে একটি ভ্যানগাড়িতে করে তাঁরাই রাজার নিথর দেহ বাড়িতে দিয়ে যান।
যে বাড়িতে তাকে নিয়ে মারধর করা হয়, সেই বাড়িটির নিরাপত্তারক্ষী তৌহিদ মিয়া প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে আরজু মিয়া, সাগরসহ ১৫ থেকে ২০ জন রাজাকে বেঁধে নিয়ে আসেন। এরপর নির্মাণাধীন ভবনটির পেছনে সীমানা দেয়ালের ওপরে বের হয়ে থাকা রডের মাথার সঙ্গে ছেলেটিকে বেঁধে পেটাতে শুরু করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা পরে মারের চোটে রাজা চুরির কথা স্বীকারও করে। এরপর তাঁরা নির্মাণাধীন ভবনটির নিচে রাখা একটি ভ্যানগাড়িতে করে রাজাকে নিয়ে চুরি যাওয়া জিনিস খুঁজতে বের হন। চানখাঁরপুল এলাকায় বিভিন্ন ভাঙারির দোকানে খুঁজে ফিরে মোবাইল না পেয়ে তাঁরা আবারও ওই ভবনে নিয়ে যান রাজাকে। এবার ভবনের নিচতলায় হাত-পা না বেঁধেই রাজাকে মারতে শুরু করেন তাঁরা।
তৌহিদ মিয়া বলেন, আরজু মিয়াসহ ওই যুবকেরা প্রায়ই ওই নির্মাণাধীন ভবনে আড্ডা জমান। তাঁদের বাধা দিলে উল্টো হুমকি দেন তাঁরা। তৌহিদ মিয়ার দাবি, আজও রাজাকে না মারার জন্য তিনি তাঁদের হাতে-পায়ে ধরেছেন। কিন্তু তাঁদের থামানো যায়নি।
তবে নিখোঁজ হওয়ার আগে অভিযুক্ত আরজু মিয়ার সঙ্গে কথা হয় প্রথম আলোর। আরজু বলেন, তিনি রাজা মিয়াকে মারধর করেননি। বরং তাঁকে কাঠ দিয়ে পিটিয়েছে রাজা মিয়ারই খালাতো ভাই শামীম। মারতে মারতে কাঠও ভেঙে যায় বলে জানান আরজু মিয়া। তিনি বলেন, আজ সোমবার ভোর চারটার দিকে তাঁর হাজারীবাগের গণকটুলীর বাসা থেকে একটি ল্যাপটপ ও চারটি মুঠোফোন চুরি হয়। তিনি রাজা মিয়াকে সন্দেহ করেন। আরজুর দাবি, রাজা মিয়া মাদকসেবী।
আরজু আরও দাবি করেন, সকালেই তিনি চুরির বিষয়ে হাজারীবাগ থানায় জিডি করেন। তবে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বলেন, এ রকম বিষয় তাঁর জানা নেই।
জিডি করার পর পুলিশের হাতে সোপর্দ না করে মারধরের কারণ সম্পর্কে আরজু মিয়া বলেন, ‘এটা আসলে দুঃখজনক। কিন্তু আমি তো মারি নাই।’ তবে হাজারীবাগ থানার পুলিশ জানিয়েছে, আরজু ও তাঁর সহযোগীদেরই দায়ী করেছেন নিহত রাজা মিয়ার স্বজন ও স্থানীয় লোকজন। স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি কাজী মাঈনুল বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।