পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হলো শিশুর লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলার একটি কারখানা থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১টায় উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি বেকারির কারখানা থেকে শিশু মো. আলাউদ্দিনের (১৩) লাশ উদ্ধার করে পুলিশ। সে কারখানায় শ্রমিকের কাজ করত।
পুলিশ জানায়, আলাউদ্দিনকে হত্যার পর লাশ কারখানার দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তার গলায় দড়ি বাঁধা ছিল। হত্যার পর কারখানার ফটকে তালা ঝুলিয়ে অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, গতকাল দুপুরে নিহত শিশুর বাবা আবুল কালাম বাদী হয়ে সর্দার ইব্রাহীম ওরফে শাহজাহানসহ তিন শ্রমিককে আসামি করে হত্যা মামলা করেছেন। তাঁদের বাড়ি ভোলায়। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আলাউদ্দিনের বাড়ি উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামে। তার বাবা আবুল কালাম বলেন, মাসিক ৩ হাজার টাকা বেতনে আলাউদ্দিন ৬ মাস আগে চন্দ্রগঞ্জের আনন্দময় পেস্ট্রি শপ কারখানায় শ্রমিক হিসেবে যোগ দেয়। সেখানে ইব্রাহীম ওরফে শাহজাহান, শামীম ও মিজান নামের আরও তিনজন শ্রমিক কাজ করেন। বিভিন্ন সময় আলাউদ্দিনকে বেকারির মালিক ও অন্য শ্রমিকেরা নির্যাতন করতেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি।
পুলিশ জানায়, রোববার রাতে বেকারির একজন মালিক নাছির উদ্দিনকে মুঠোফোনে ইব্রাহীম বলেন, আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ রাত ১টার দিকে লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, আলাউদ্দিনের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।