পিটিয়ে হত্যার পর 'ডাকাত' বলে প্রচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছনগাঁও গ্রাম থেকে গতকাল সোমবার রাতে রাজ্জাক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

নিহত রাজ্জাকের পরিবারের দাবি, রাজ্জাক সিলেট শহরে দিনমজুরের কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রামের বাড়িতে আসেন। গতকাল তিনি তাঁর বন্ধু একই গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে পাশের ছনগাঁও গ্রামে যান। সেখানে সাইফুলের প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওই পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাঁদের দুজনকে বেদম লাঠিপেটা করেন। পরে তাঁদের রাস্তায় ফেলে রেখে ‘ডাকাতদের গণপিটুনি দেওয়া হয়েছে’ বলে গ্রামে প্রচার করা হয়।

কমলগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল গতকাল রাত ১১টার দিকে ছনগাঁও গ্রামের রাস্তা থেকে রাজ্জাককে মৃত অবস্থায় এবং সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কদর আলী, করিম উদ্দীন, তরিক মিয়া, সালাহ উদ্দীন, কবির হোসেন ও জয়নাল মিয়া নামের ছয়জনকে পুলিশ আটক করে।

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল আলম আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি একজনকে পিটিয়ে হত্যা ও অন্যজনকে গুরুতর আহত করার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি বলেন, আটক ছয়জনকে আসামি করে নিহত রাজ্জাকের স্ত্রী জাহানারা বেগম মামলা করেছেন। ওই মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজ্জাকের লাশ আজ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা বের হবে।