পিটুনিতে আহত গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় পিটুনিতে আহত গৃহবধূ গতকাল বুধবার মারা গেছেন। একই দিন ওই উপজেলায় গলা কাটা ও হাত-পা বাঁধা অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম মরিয়ম খাতুন (৬৫)। গুরুতর আহত অবস্থায় পাওয়া গৃহবধূ হলেন উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের লালবানু (৪৫)।
নিহত গৃহবধূর ছেলে শাহাজাহান আলী গাজী জানান, তাঁর বাবা একিম আলী গাজীর দুজন স্ত্রী। বড় মায়ের ছেলে জাফর আলী গাজীর সঙ্গে তাঁর মা মরিয়ম খাতুনের শিমগাছের পাতা উঠানে পড়ে নোংরা হওয়া নিয়ে গত মঙ্গলবার সকালে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর আলী লাঠি দিয়ে তাঁকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার পর থেকে জাফর পলাতক। নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
লালবানুর ছেলে শরীফ হোসেন জানান, গত সোমবার দিবাগত রাত দুইটায় তাঁর মা শারীরবৃত্তীয় কাজের জন্য ঘরের বাইরে যান। এরপর তিনি ঘরে ফেরেননি। ওই রাত থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গ্রামের একটি ডোবার পাশে এক নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই নারীই তাঁর মা। পরে মাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহসীনা জানান, ধারালো অস্ত্র দিয়ে লালবানুর গলার প্রায় সাত ইঞ্চি কাটা হয়েছে। সার্জারি বিশেষজ্ঞ রুহুল কদ্দুস জানান, লালবানুর অবস্থা আশঙ্কাজনক।