পিটুনিতে আহত প্রতিবন্ধী মেয়েসহ মা হাসপাতালে
স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডের বিছানায় ব্যথার তীব্র যন্ত্রণায় দুই দিন ধরে কাতরাচ্ছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী সুবর্ণা খাতুন (২১) ও তাঁর মা মর্জিনা খাতুন (৩৫)। তুচ্ছ কারণে প্রতিবেশী দুই ভাই শাবল ও লোহার রড দিয়ে মা ও মেয়েকে নির্মমভাবে পিটিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে গত রোববার পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামে।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের আমছের আলীর দুই ছেলে মহিদুল প্রামাণিক (৩২) ও আমজাদ প্রামাণিককে (৩৬) গ্রেপ্তার করেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গরু কিনতে গত সোমবার দুপুরে মর্জিনা খাতুন প্রতিবেশী আমজাদ প্রামাণিকের বাড়িতে যান। গরুর দাম নিয়ে এ সময় দুপক্ষের মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায় মহিদুল ও আমজাদ মিলে মর্জিনাকে শাবল ও লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে মর্জিনা সজ্ঞা হারালে মাকে রক্ষায় এগিয়ে আসেন প্রতিবন্ধী সুবর্ণা। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে মহিদুল ও আমজাদ আত্মগোপন করেন। পরে মা–মেয়েকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মর্জিনা খাতুন অভিযোগ করেন, গরু কেনার জন্য তিনি আমজাদের কাছে ২৭ হাজার টাকা দাম বলেছিলেন। কিন্তু দাম কম হওয়ার অজুহাতে তাঁকে প্রথমে গালাগাল করেন ও তর্কাতর্কির একপর্যায় তাঁকে শাবল ও রড দিয়ে পিটিয়ে শরীর থেঁতলে দিয়েছেন মহিদুল ও আমজাদ। তাঁর মেয়েকেও একইভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাঁর মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, গত রোববারই আমজাদ ও মহিদুলকে গ্রেপ্তার করা হয়। মর্জিনা খাতুনের ভাশুর এসকেন আলী প্রামাণিক থানায় মামলা করেছেন।